তারেক রহমানের চীন সফরের অর্জন শূন্য: নাহিদ ইসলাম

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২১:৩২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের অর্জন শূন্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১-দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “যারা নিজের দলের নেতাকর্মীদের ফেলে রেখে পালিয়ে যায়, ইতিহাসে তাদের আর সম্মানের সঙ্গে দেশে ফিরে আসার নজির নেই। শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তার এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের মানুষ প্রস্তুত রয়েছে।”

তিনি অভিযোগ করেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। গণভোটের গণরায়কে উপেক্ষা করে দেশ পরিচালনায় তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণের হাতে উন্নয়নের বদলে হারিকেন ধরিয়ে দিয়েছে।”

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। তারা জনগণকে বারবার আশ্বাস দিয়ে হতাশ করেছে। গণভোটের গণরায়ের সঙ্গেও প্রতারণা করছে।”

তিনি বলেন, “কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে তাকে ধন্যবাদ জানিয়েছি। এরপর হয়তো কিছু বলা উচিত না। কিন্তু বলতে বাধ্য হচ্ছি—চীন সফরের অর্জন হচ্ছে শূন্য।”

তার ভাষ্য, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাওয়া যায়নি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কোনো কমিটমেন্ট নেই।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তাহলে তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকে কোনো ধরনের সাহায্য পাবেন না।

তিনি বলেন, “অলরেডি আইএমএফ তাদের (সরকারকে) বলে দিয়েছে, আর কোনো ঋণ দেবে না। তাদের সহযোগিতা করবে না পৃথিবীর কোনো দেশই।”