মির্জাগঞ্জে ভূমি অফিসে দালালির অভিযোগে যুবকের ৩০ দিনের কারাদণ্ড
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা ভূমি অফিসে দালালির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়।
সাজাপ্রাপ্ত দালালের নাম মো. বাবলু হাসান (২৮)। তিনি উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের বাগবাড়ির মোশাররফ হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী সরকারি অফিসে এসে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবলু হাসান দীর্ঘদিন ধরে ভূমি অফিসে অবৈধভাবে প্রবেশ করে দালালি করে আসছিলেন। অফিসে সেবা নিতে আসা সাধারণ গ্রাহকদের বিভিন্নভাবে বিভ্রান্ত করে তিনি মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করতেন।
এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা ভূমি কর্মকর্তার কাছে একাধিকবার মৌখিক অভিযোগ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে তাকে কয়েক দফা সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন।
রোববার সকালে আবারও ভূমি অফিসে এসে একই কাজ করার সময় তাকে হাতেনাতে আটক করে এ দণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী জানান, ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ও সেবাবান্ধব করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
