সিরাজগঞ্জে তাঁতের মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২৩:২২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামে তাঁতের মেশিনের মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিক মারজানা (২০)-এর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের হাসানের স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রতিদিনের মতো রোববার সকাল থেকে পাল লোমের রোলার মেশিনে সুতার রোল তৈরি করছিলেন মারজানা। এ সময় তার ওড়না মেশিনের সঙ্গে গলায় পেঁচিয়ে গেলে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।