রংপুরে আধুনিক আউটলেট চালু করল তাযিজ ফুড ইন্ডাস্ট্রিজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের ভোজনরসিকদের জন্য শতভাগ বিশুদ্ধ ও প্রিমিয়াম মানের মিষ্টি ও বেকারি পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে তাযিজ ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর নতুন আউটলেট ‘তাযিজ সুইটস অ্যান্ড বেকারি’। নগরীর জেলা স্কুল সংলগ্ন আধুনিক ও নান্দনিক এ আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. সামসুজ্জামান সামু।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মঞ্জুর ইসলাম আজাদ ও তানভির হোসেন আশরাফি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়। পরে ফিতা ও কেক কাটার মাধ্যমে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্থানীয় কয়েকটি মসজিদে তবারক বিতরণ এবং আগত অতিথি ও ক্রেতাদের মধ্যে প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত মিষ্টি পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, রংপুরে আধুনিক ও বিশ্বমানের এ ধরনের খাদ্যপ্রতিষ্ঠানের আগমন স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে। গুণগত মান ও বিশুদ্ধতা ধরে রাখতে পারলে তাযিজ ফুড দ্রুতই রংপুরবাসীর আস্থা অর্জন করবে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, রংপুরের কাছনা এলাকায় অবস্থিত নিজস্ব আধুনিক কারখানায় অটোমেটেড প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য উৎপাদন করা হয়। বিএসটিআই ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে প্রস্তুতকৃত এসব পণ্যের মান নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষার ব্যবস্থাও রয়েছে।

আউটলেটে বর্তমানে ১৩২টিরও বেশি প্রিমিয়াম আইটেম পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি, দই, সন্দেশ, লাড্ডু, কেক, পেস্ট্রি, কুকিজ, ব্রেড ও নানা ধরনের স্ন্যাকস।

তাযিজ ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, রংপুরবাসীর কাছে আন্তর্জাতিক মানের সেবা ও স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতে রংপুরের আরও গুরুত্বপূর্ণ স্থানে নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে।