মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৯:৩৬ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের মাঝে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদানের ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, সরকারের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও কার্যকর করতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এসব সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের এ ধরনের আর্থিক সহায়তা নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর কার্যক্রমকে আরও বেগবান করবে এবং সমাজকল্যাণমূলক উদ্যোগের পরিধি সম্প্রসারণে সহায়ক হবে।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও সভাপতির উপস্থিতিতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের প্রতিনিধিদের হাতে এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
