দিনাজপুর রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার যন্ত্রপাতি প্রদান
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের সেবার মান উন্নয়নে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের রক্তদান কর্মসূচির উদ্যোগে এসব মেশিনারিজ রক্তকেন্দ্রের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সোমবার সকালে দিনাজপুর উপশহরে অবস্থিত তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যন্ত্রপাতি হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।
এ সময় তিনি রক্তকেন্দ্রের আধুনিকায়নে নতুন যন্ত্রপাতির গুরুত্ব তুলে ধরেন এবং এগুলোর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিটের অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান একেএম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু, মো. মোকাররম হোসেন, মো. শাহিদুর ইসলাম শাহিন খান ও অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন।
এছাড়া দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আক্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রের ইনচার্জ খন্দকার সাইফুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট দিনাজপুর ইউনিটের উপ-যুব প্রধান-১ মো. মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
হস্তান্তরকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ মেশিন (সেল সেপারেটর), ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রিত একটি রেফ্রিজারেটর, মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি ব্লাড ডিপ ফ্রিজ এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশ। এসব সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে শিগগিরই ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।
এ প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য প্রয়োজনীয় আর্থিক সহায়তারও ঘোষণা দেন তিনি।
