চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ২ কেজির বেশি স্বর্ণ উদ্ধার

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২০:৩৩ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়জামার বেল্টের স্থান ও আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে বহন করা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণালঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের ফ্লাইট FZ-463-এর যাত্রী মীরসরাইয়ের মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিদল তাকে চ্যালেঞ্জ করে।

পরে তল্লাশিকালে তার কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় স্বর্ণ পরিবহনের সঙ্গে জড়িত আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।