রংপুরে জাহাজ কোম্পানী মোড়-সাতমাথা সড়কের সংস্কার কাজ শুরু

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২০:৪২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নগরীর জাহাজ কোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার এ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন রসিক প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার সড়কের কার্পেটিং, ড্রেন নির্মাণ ও এলইডি লাইট স্থাপন করা হবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা।

সংস্কার কাজের আওতায় রয়েছে কার্পেটিং, আরসিসি রোড, আরসিসি ড্রেন, ফুটপাত টাইলস, রোড ডিভাইডার, রোড সেপারেটর, লাইট পোল এবং স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন। প্রকল্পটি বাস্তবায়ন করছে কক্সবাজারের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএই এমএস জেভি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী মো. সামসুজ্জামান, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেনিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, রসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।