সিরাজগঞ্জে মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২১:৩৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া ও কোবদাসপাড়া মহল্লায় মাদক নির্মূল ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শরীফুল ইসলাম আলামিনের উদ্যোগে রোববার রাতে গ্রীনসিটিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ মুরুব্বি আব্দুর রশিদ কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ১১ সমাজের সমাজপ্রধান আব্দুস সালাম ডিলাম, হাজী আবুল কালাম মুন্সি, আফসার আলী, আসলাম পারভেজ, আব্দুল্লাহ শেখ, আব্দুল কাদের কুশা, সাবেক সেনা সদস্য আব্দুল মান্নান, রেজওয়ান আহমেদ রনি শেখ, আব্দুল মোমিন, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, আনিছুর রহমান আনিছ প্রমুখ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। এজন্য মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে।

সেইসঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকতে হবে। সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।

তারা আরও বলেন, চক কোবদাসপাড়া ও কোবদাসপাড়া মহল্লায় মাদক সেবন বা বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না। কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তা অবিলম্বে পরিহার করতে হবে। অন্যথায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

এ সময় বক্তারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দৃষ্টি আকর্ষণ করে মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।