আলমডাঙ্গায় জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৫:৫১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে ফজলুল হক খাল পুনঃখননের জন্য স্থান পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান। পরিদর্শন শেষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট থেকে প্রায় ৩ কিলোমিটারজুড়ে ফজলুল হক খালের দখল হওয়া বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বলেন, আলমডাঙ্গা পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা সমাধানে ফজলুল হক খাল পুনঃখনন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই খালটি শুধু একটি পানি নিষ্কাশনের পথ নয়, এটি পৌরবাসীর স্বস্তি ও পরিবেশ রক্ষার অন্যতম মাধ্যম। দীর্ঘদিন খালটি ভরাট ও দখলের কারণে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

তিনি বলেন, আমরা চাই, সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শুরু হোক এবং এটি স্থায়ীভাবে সংরক্ষণ করা হোক। জনগণের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আলমডাঙ্গা গড়ে তুলতে সক্ষম হব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।