সিরাজগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত মামলায় বিএনপি নেতার জামিন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২১:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর মামলায় বিএনপি নেতা আশরাফুল ইসলাম টনিকে (৪৪) জামিন দিয়েছেন বিজ্ঞ আদালত।
কোর্ট ইন্সপেক্টর রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম টনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।
এ ঘটনায় ওইদিন রাতে পৌর এলাকার ধানবান্ধি মহল্লার মানিক সাহা বাদী হয়ে ওই বিএনপি নেতার বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতেই ওসি রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরদিন মঙ্গলবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসামি টনিকে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। আবেদন শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে জামিন দেন।
