প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ মেলেনি: পুলিশ সুপার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২২:১৪ | অনলাইন সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি। সড়কে থাকা একটি ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে ছিটকে পেছনের নিরাপত্তাকর্মীদের গাড়িতে এসে পড়ে বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
ঘটনার অনুসন্ধান, এলাকা পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার সকালে সড়কপথে গাড়িবহর নিয়ে বরিশাল সফরের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় পৌঁছালে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি জিপে এসে পড়ে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর সূত্র ধরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট বা পাথর নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে পুলিশ, র্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঘটনাস্থল পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তদন্তে দেখা গেছে, সড়কে থাকা একটি ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে ছিটকে পেছনের গাড়ির গ্লাসে এসে পড়ে।
তিনি আরও বলেন, ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে, অভিযুক্ত হিসেবে সন্দেহভাজন ওই যুবক ঘটনার পুরো সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন। প্রধানমন্ত্রী আসার আগে, আসার সময় এবং যাওয়ার পরও তিনি একটানা ভিডিও ধারণ করেছেন। তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, মূলত সড়কে থাকা ইটের টুকরা ছিটকে এসে গাড়িতে পড়েছে। এটি কেউ নিক্ষেপ করেনি। এ ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
