ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ১
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২১:৩০ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রাশেদা বেগম উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রোস্তম আলীর স্ত্রী। তিনি এলজিইডির গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এলসিএস কর্মী ছিলেন।
বুধবার সকালে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলাল হোসেন (২০) নামে এক যুবক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদা বেগম সকালে সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে গুরুতর আহত মোটরসাইকেল চালক বেলাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল সড়ক দুর্ঘটনায় রাশেদা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত এক নারীকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালে ওই নারীর মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল।”
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার ঘটনাটি শুনেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
