সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২১:৪২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় মহল্লায় স্ত্রী সুমি (২৫) হত্যার ঘটনায় স্বামী মেরাজকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই মহল্লার কাশেম আলীর ছেলে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় ৩ বছর আগে একই এলাকার কাল্লাকান্দি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে সুমি খাতুনকে বিয়ে করেন মেরাজ। বিয়ের পর থেকে তিনি নানা অজুহাতে স্ত্রীকে নির্যাতন করতেন এবং মাদক সেবনের জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দিতে চাপ সৃষ্টি করতেন। তবে স্ত্রী এ টাকা এনে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।
এরই জেরে বুধবার সকালে বিশেষ কৌশলে স্ত্রীকে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছে বলে প্রচার চালানো হয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ সময় নিহত সুমির শরীরে আঘাতের চিহ্ন এবং ঘরের মেঝেতে রক্তের দাগ দেখতে পায় পুলিশ।
ঘটনার পর স্বামী মেরাজ পালিয়ে যায়। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহত সুমির শাশুড়ি ও ননদকে আটক করা হয়। পরে বিকেলে একই এলাকায় অভিযান চালিয়ে মেরাজকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
