ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৮০ জনের ছানি অপারেশন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৫:০৩ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষ চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকার বেদুনদিয়া-ঢুলটিতে নিউএরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর।

অনুষ্ঠানে বক্তব্য দেন নিউএরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সহকারী পরিচালক (প্রোগ্রাম) শমসের আলী এবং সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।

বক্তারা বলেন, নিউএরা ফাউন্ডেশনের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এলে বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষ বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পেতেন এবং দৃষ্টিশক্তি ফিরে পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন।

আয়োজকরা জানান, দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে ৮০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। পাশাপাশি দুই শতাধিক মানুষের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

নিউএরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ভিক্ষুক পুনর্বাসনের মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার ধারাবাহিকতার অংশ হিসেবেই এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ১২৮ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত মোট ৬৮৩ জনের ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে।

‘দুটি হাত আর বুদ্ধি দিয়ে গড়বো জীবন, গ্রামেই বসে’—এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত নিউএরা ফাউন্ডেশন গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটি বিভিন্ন শাখার মাধ্যমে ৩৯ হাজার ৩২৮ জন সদস্যকে সেবা প্রদান করছে।