টিফিনের ছুটিতে গোসলে নেমে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৬:৫৯ | অনলাইন সংস্করণ

  নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় টিফিনের ছুটির সময় গোসল করতে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকার একটি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) এবং জান্নাত (৮)। অপর এক শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তারা সবাই স্থানীয় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদরাসার নিয়মিত পাঠদান শেষে টিফিন বিরতি শুরু হলে ছয়জন শিক্ষার্থী পাশের একটি বিলে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে একজন শিক্ষার্থী পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে অন্যরা পানিতে নামে। এ সময় আরও কয়েকজন শিক্ষার্থী পানিতে ডুবে যায়।

খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধার করে প্রথমে তিন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আরও একজন শিক্ষার্থীর মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে তিনজনের মরদেহ পাওয়া গেছে। পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।