চৌমুহনীতে প্রায় আড়াই কোটি টাকার ইয়াবাসহ ২ কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১৭:১০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি জিপ গাড়িও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. পারভেজ ও বিপ্লব। তাদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় রূপসা শপিং কমপ্লেক্সের সামনে সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আসামিদের ব্যবহৃত কালো রঙের একটি হার্ডজিপকেয়া জিপ তল্লাশি করা হলে গাড়ির পেছনের ডান পাশের দরজায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের ভেতরে থাকা ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগ থেকে মোট ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪১ লাখ টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মো. পারভেজের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
