
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ, রাসায়নিক ব্যবহারসহ নানা অনিয়মে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৫ প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে সলঙ্গা ও পাঁচলিয়া এলাকায় হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি উৎপাদনের দায়ে রয়্যাল রুপালি দই-মিষ্টি কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হাটিকুমরুল এলাকায় ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্টের ম্যানেজারকে ১০ হাজার টাকা, নূর বেকারির মালিককে ৫ হাজার টাকা এবং ফামস হাইওয়ে রেস্টুরেন্টের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাবের সদস্য, র্যাব ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।