কালিনগরে রাস্তা দখলের প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের একটি সরকারি রাস্তা দখল করে পাকা দেয়াল নির্মাণের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে আবেদনপত্রটি জমা দেওয়া হয়।

আবেদনে উল্লেখ করা হয়, কালিনগর গ্রামের মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা থেকে কালিনগর কবরস্থান পর্যন্ত সরকারি সড়কের দুই পাশে আক্তার ও শাহ আলম নামে দুই ব্যক্তি রাস্তার অংশ দখল করে পাকা দেয়াল নির্মাণ করেছেন। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আল আমীনের সভাপতিত্বে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্তরা সরকারি রাস্তার ওপর নির্মিত দেয়াল অপসারণের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন করেননি বলে অভিযোগ করা হয়েছে।

এ অবস্থায় সরকারি রাস্তা থেকে অবৈধভাবে নির্মিত পাকা দেয়াল অপসারণ করে জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জমা দেন এলাকাবাসীর পক্ষে সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আল আমিন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্ত আক্তার হোসেন মুঠোফোনে বলেন, “আমি আমার জায়গায় আছি। পাশের জমির মালিক রাস্তার জন্য জায়গা দিচ্ছেন না। যদি ঊর্ধ্বতন কর্মকর্তা রাস্তার জন্য আমাকে দেয়াল ভেঙে জায়গা ছেড়ে দিতে বলেন, তাহলে আমি জায়গা ছেড়ে দিতে বাধ্য থাকব।”