পানি বেড়েছে কাপ্তাই হ্রদে, খোলা হলো বাঁধের ১৬টি গেট
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৪:৩৭ | অনলাইন সংস্করণ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট (জলকপাট) খুলে দেয়া হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে এসব গেট খুলে দেয়া হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে হ্রদের আশেপাশের অনেক এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অপর দিকে হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে খুলে দেয়া হয়েছে বাঁধের ১৬টি জলকপাট।
যেখানে ১৬টি গেইট দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
১৯৬০ সালে প্রমত্তা কর্ণফুলীর বুকে বাঁধ দিয়ে তৈরি করা হয় এই জলবিদ্যুৎ কেন্দ্র। উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির জল মজুদ করে সারা বছর উৎপাদন করা হয় বিদ্যুৎ।
স্থানীয় বাসিন্দা মো. নাছের খান বলেন, গত বছর আমার দোকানে পানি উঠে যাওয়ার পর পানি ছাড়া হয়। এ বছর তার আগেই পানি ছাড়ায় ক্ষতির মুখ থেকে রক্ষা পেলাম।
কাপ্তাই নতুন বাজারের ব্যবসায়ী মো. আকরাম হোসেন বলেন, বর্ষা মৌসুম এলেই চিন্তা বেড়ে যায়। তবে এ বছর আগে ছাড়ার কারণে চিন্তা মুক্ত হলাম।
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, গত এক সপ্তাহের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছেছে। পাশাপাশি জেলা শহরসহ বিভিন্ন উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখে দিয়েছে। বাঁধারে নিরাপত্তা ও মানুষের ক্ষয়ক্ষতি রোধে প্রতি বছরের ন্যায় এবারও ছাড়া হয়েছে পানি।
তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল থাকলেও পানির মজুদ ১০৭ ছাড়া হয়। কিন্তু এ বছর বন্যার রোধে ১০৫ এমএসএলেই খুলে দেয়া হয় বাঁধের জলকপাট।
