মাদক সেবনে বাধা দেওয়ায় এইচএসসি পরীক্ষার্থী খুন, মামলা দায়ের

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২০:৪৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমানের (২০) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রায়গঞ্জ পৌর এলাকার ফুলজোড় নদীর পশ্চিমপাড় মহল্লায় মঙ্গলবার রাতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে একই মহল্লার তারা শেখের ছেলে টিটোনের সঙ্গে আব্দুর রহমানের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে টিটোন ধারালো বার্মিজ ছুরি ও চাপাতি দিয়ে ওই পরীক্ষার্থী এবং তার বড় ভাই হাসানের ওপর হামলা চালায়।

এ ঘটনায় দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন সকালে পরীক্ষার্থী আব্দুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

নিহত আব্দুর রহমান রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বড় ভাই হাসান এখনও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার সকালে নিহতের বাবা ফিরোজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওসি আহসানুজ্জামান জানান, অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে ইতোমধ্যে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।