দর্শনায় টিউবওয়েল চুরির সময় আটক, ২ বছরের কারাদণ্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের ঘুঘুডাঙ্গা নামক স্থান থেকে টিউবওয়েল চুরির সময় শাহীন শরীফ (৩০) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে শাহীন শরীফকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১৮ জুলাই) বিকালে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহীন শরীফ দর্শনা পৌর শহরের ঘুঘুডাঙ্গা এলাকার মৃত কাসেম শরীফের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে দর্শনা শহরের ঘুঘুডাঙ্গা এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে টিউবওয়েল চুরির সময় শাহীন শরীফকে আটক করা হয়। খবর পেয়ে দর্শনা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে এসআই প্রণব কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী শাহীন শরীফকে চুরি করা টিউবওয়েলসহ পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে শনিবার (১৮ জুলাই) বিকালে তাকে বিজ্ঞ সামারি ট্রায়াল কোর্টে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হলে আদালতের বিচারক তাকে জেল-জরিমানার আদেশ দেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত শাহীন শরীফকে বিকেলেই চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।