ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮ গরু ও ৪ জন আটক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু সন্দেহে আটটি গরু ও চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শালঝোড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে আটটি গরুসহ চারজনকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- আশরাফুল আলম (৩৭), আল আমিন (৩০), নুর নবী (২৫) ও সবুজ (২১)।

আটকের সময় গরু ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের বাম হাতে আঘাত লাগে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটক ব্যক্তি ও গরুগুলো থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী হওয়ায় শালঝোড় ঘাট এলাকায় বেশির ভাগ গরুই ভারতীয়। মাঝে মধ্যেই বিজিবির হাতে গরু আটক হয়।

ইউপি গ্রাম পুলিশ শাহজাহান আলী বলেন, “এখানে ভারতীয় গরুও আছে, আবার গৃহস্থের গরুও আছে।” আটক হওয়া গরুগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, “ওসি স্যার মিটিংয়ে আছেন। আটক হওয়া গরু ও ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।”

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “আমি একটি ভাইভা বোর্ডে আছি।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।