হাজীগঞ্জে মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে জিসান আহমেদ ছিদ্দিকী

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা জিসান আহমেদ ছিদ্দিকী। গত ৭ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি তানজিনা আক্তার এবং সদস্য মো. আবুল হোসেন, মো. মাহমুদুল হাসান, মো. আবু বকর মিয়াজী, হযরত আলী, আমেনা আক্তার, সুবর্ণা আক্তার, সৈয়দ আহমেদ রতন, মো. হাতেম আলী, আবুল বাসার এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক রৌশন ইয়াজদানী।

এদিকে, মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান পাটওয়ারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন জিসান আহমেদ ছিদ্দিকী।

একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যোৎসাহী সদস্য, দাতা ও অভিভাবক প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দায়িত্ব পালনের সময় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন জিসান আহমেদ ছিদ্দিকী।

উল্লেখ্য, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী সমিতির সাবেক ওয়ার্ড কমিশনার জিসান আহমেদ ছিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য। ১৯৫৪ সালে তাদের পরিবারের দানকৃত সম্পত্তির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণে নতুন একাডেমিক ভবন নির্মাণে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সহযোগিতা কামনা করেছেন জিসান আহমেদ ছিদ্দিকী।