ভাঙ্গায় র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, জব্দ কাভার্ড ভ্যান

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৫:২৮ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যান।

রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ড ভ্যান রেখে দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

র‌্যাবের ভাষ্য, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

উদ্ধার করা গাঁজা ও জব্দ করা কাভার্ড ভ্যান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।