মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিপিজেএফের

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে সংগঠনটি।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের জন্য হুমকি।

তারা অবিলম্বে মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িত মুন্সীগঞ্জের চিহ্নিত হুন্ডি ব্যবসায়ী সাইদ দেওয়ান গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।

বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা ছিলেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সভাপতি আহমেদ আবু জাফর, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, বিপিজেএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ জোটের কেন্দ্রীয় নেতা মাজহারুল হক এবং দৈনিক প্রতিদিন খবরের সম্পাদক সরকার জামাল। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সাংবাদিক মাহাবুব আলম বাবু দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জের স্থানীয় চিহ্নিত হুন্ডি ব্যবসায়ী সাইদ দেওয়ানের দায়ের করা মামলাটি হয়রানিমূলক এবং এটি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করবে। তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে জানানো হয়, দৈনিক আজকের দুর্নীতি পত্রিকার মুন্সীগঞ্জ জেলা ব্যুরো প্রধান মাহাবুব আলম বাবু মামলার পর থেকে নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে রয়েছেন। তার ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।