সিরাজগঞ্জে ভারী বর্ষণে শহরে হাঁটুপানি, চরম জনদুর্ভোগ
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ২০:৪১ | অনলাইন সংস্করণ
এস,এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

ভারী বর্ষণে সিরাজগঞ্জ শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। এতে কোথাও হাঁটুপানি, আবার কোথাও হাঁটুর ওপর পানি জমেছে। শহরের অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার ভোররাত থেকে প্রায় দিনভর ভারী বর্ষণ হয়েছে। এ বর্ষণে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক তলিয়ে যায়। এ কারণে অনেক দোকানপাট বন্ধ রয়েছে এবং জনসমাগমও কমে গেছে।
এ বর্ষণে শহর ও শহরতলীর অনেক বসতঘরে পানি প্রবেশ করেছে। অনেকে বালতি দিয়ে পানি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। সড়ক ও ড্রেন উঁচু হওয়ায় রাস্তাঘাটের করুণ অবস্থার সৃষ্টি হয়েছে।
শহরবাসী বলছেন, শহরের অনেক স্থানে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজের কাজ চলতে দেখা গেলেও তা আজও শেষ হয়নি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর বলেন, জলাবদ্ধতা শুধু অপর্যাপ্ত ড্রেনের কারণে নয়, সঠিক পরিকল্পনার অভাবও রয়েছে। গত কয়েক বছরে অনেক প্রাকৃতিক খাল সংকুচিত করে কংক্রিটের ড্রেনে রূপান্তর করা হয়েছে। এতে পানির ধারণক্ষমতা ও স্বাভাবিক প্রবাহ কমে গেছে। সেই সঙ্গে নদী ও খালের সঙ্গে শহরের নিষ্কাশন ব্যবস্থা কার্যকরভাবে সংযোগ করা হয়নি।
সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এ বিষয়ে আলোকিত বাংলাদেশকে বলেন, যথানিয়মে শহর এলাকায় ড্রেন পরিষ্কার করা হচ্ছে। তবে ড্রেন থেকে তোলা কাদামাটি বৃষ্টির কারণে পুনরায় ড্রেনে চলে যাচ্ছে। এতে এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ সমস্যার সমাধানে চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
