চাঁদপুর প্রেস ক্লাবের মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণ
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ২১:৩২ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের যৌথ আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন ১৫২ জন এবং সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন ১৪৮ জন। সব মিলিয়ে তিন শতাধিক মানুষ এ সেবার আওতায় আসেন।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনের তৃতীয় তলায় আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের এ ধরনের মানবিক উদ্যোগ ইতিহাস হয়ে থাকবে। প্রেস ক্লাবের মাধ্যমে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম আগে দেখা যায়নি। প্রতিবছর এমন আয়োজন হলে সাংবাদিকদের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
তিনি বলেন, অর্থাভাবে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের ক্যাম্প অত্যন্ত উপকারী। চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সেবার মানের প্রশংসা করে তিনি বলেন, চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালটিকে আরও আধুনিক ও উন্নত প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, সাংবাদিকদের তথ্য ও লেখনির মাধ্যমে অনেক অনিয়ম উদঘাটিত হয়, যা সরকারি অর্থের অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুন্দর ও উন্নত চাঁদপুর গঠনে প্রেস ক্লাব ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতি তিন মাস অন্তর এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনের পরামর্শ দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এই প্রথম মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। চক্ষু চিকিৎসা, চশমা, আই ড্রপ, প্রেসার মাপাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানবসেবামূলক এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও ড্যাব নেতা ডা. সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আবু জাফর এবং আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারের পরিচালক জামাল সাকিব।
এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজল, সার্জারি বিশেষজ্ঞ ডা. নূরে আলম মজুমদার, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল মামুন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. হুমায়ন সাকি, গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার ও প্যাথলজিস্ট মো. সিরাজুল ইসলাম।
অন্যদিকে চক্ষু শিবিরে সেবা দেন চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. নূর হোসেন শান্ত, প্যারামেডিক মো. রাফি মিয়া, রিসেপশনিস্ট মো. শরীফুল ইসলাম এবং সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. আবু জাফর।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদের অধিবেশন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।
এছাড়া মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং চিকিৎসক দলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
ক্যাম্পে চক্ষু চিকিৎসা, চশমা ও আই ড্রপ বিতরণের পাশাপাশি প্রেসার মাপা, ব্লাড গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে এটিই ছিল প্রথম মেডিকেল ক্যাম্প।
