জীবননগরে মাদক সেবনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৫:০০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকায় পুলিশি অভিযানে মাদক সেবনের অভিযোগে আসাদুল হক ওরফে কালু (২৮) ও ফিরোজ হোসেন (২৯)-কে আটক করা হয়। পরে চুয়াডাঙ্গায় সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আদালতের মাধ্যমে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসাদুল হক ওরফে কালু জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের ফরজ আলীর ছেলে এবং ফিরোজ হোসেন একই উপজেলার গোপালনগর গ্রামের তাহাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার গয়েশপুর ও গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদক সেবনের অপরাধে গ্রেফতার করে।

সোমবার বিকেলে তাদেরকে বিজ্ঞ সামারি ট্রায়াল কোর্টে (সংক্ষিপ্ত বিচার আদালত) হাজির করা হলে আদালত গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের রাতেই চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।