আধুনিক কৃষি সম্প্রসারণে পীরগঞ্জে নির্মিত হচ্ছে বিএডিসির পলিসেড

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৫:০৬ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ উপজেলার দুবরাজপুর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন পলিসেড নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে ভবনের মূল কাঠামো ও অধিকাংশ অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের ফিনিশিং ও আনুষঙ্গিক কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে দেশের বিভিন্ন স্থানে পানি সাশ্রয়ী ও পলিসেড নির্মাণ প্রকল্পের মাধ্যমে পলিসেড নির্মাণ করছে।

এর অংশ হিসেবে পীরগঞ্জের রংপুর-বগুড়া মহাসড়কের পাশে দুবরাজপুর এলাকায় প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে একটি পলিসেড নির্মাণ করা হচ্ছে।

ইতোমধ্যে এর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং চলতি জুলাই মাসের মধ্যেই অবশিষ্ট কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজটি বাস্তবায়ন করছে রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নওশাদ এন্টারপ্রাইজ।

সূত্র আরও জানায়, পলিসেডটির নির্মাণকাজ সম্পন্ন হলে পীরগঞ্জের কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। নিয়ন্ত্রিত পরিবেশে উন্নতমানের সবজি, ফল ও চারা উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি প্রদর্শন এবং উচ্চমূল্যের ফসল উৎপাদনে এ পলিসেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া পলিসেডটি চালু হলে আবহাওয়ার বিরূপ প্রভাব কমিয়ে বছরজুড়ে বিভিন্ন ফসল উৎপাদনের সুযোগ বাড়বে। এতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

পলিসেড নির্মাণের পাশাপাশি সেখানে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে একটি গভীর নলকূপও স্থাপন করা হচ্ছে এবং সেটির কাজও চলতি জুলাই মাসে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে অনেক কৃষকের ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে।

পীরগঞ্জ বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী (নির্মাণ) নাজমুস সাদাত বলেন, “রংপুর জেলায় এ নিয়ে ১২টি পলিসেড নির্মাণ করা হচ্ছে। পীরগঞ্জের এ পলিসেড নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি মাসেই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। উদ্বোধনের পর এটি কৃষকদের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের একটি কার্যকর কেন্দ্র হিসেবে কাজ করবে।”