বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডের দৌড়ে ফরিদপুরের বিপ্লব কুমার
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৫:১৩ | অনলাইন সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও স্বাবলম্বিতা প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন ফরিদপুরের বিশিষ্ট প্রতিবন্ধী অধিকারকর্মী, সমাজসংগঠক ও উদ্যোক্তা বিপ্লব কুমার মালো।
এক দশকেরও বেশি সময় ধরে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে আসছেন।
তার উদ্যোগে ২০১২ সালে প্রতিষ্ঠিত গ্রাম উন্নয়ন সংস্থা (ভিডিও) বর্তমানে ৭৮২ জন প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।
বিপ্লব কুমার মালোর নেতৃত্বে অসংখ্য প্রতিবন্ধী ব্যক্তি ক্ষুদ্রঋণ, কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি শিক্ষা, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়িক সহায়তার মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়েছেন। ফরিদপুরে প্রতিষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।
তিনি সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসঅ্যাবিলিটি (সিএসআইডি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, জীবিকায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং অধিকারভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৪ সালে যুব উন্নয়ন পদক এবং ২০১৬ সালে মাদার তেরেসা পদক লাভ করেন।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিপ্লব কুমার মালো বলেন, এই মনোনয়ন শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রচেষ্টার একটি স্বীকৃতি। তিনি সবার ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানান, আগামী ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে ভোট দেওয়া যাবে। তিনি বলেন, “আপনাদের একটি ভোট আমাকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও দৃঢ়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
