সিরাজগঞ্জে সাপের কামড়ে আরও এক নারীর মৃত্যু
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৮:৩৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে বিষাক্ত সাপের কামড়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত আবু সাইদ সরকারের স্ত্রী মমতা খাতুন (৪৫)। এ নিয়ে কাজিপুরে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২-এ। এতে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই গৃহবধূ বাড়ির গোয়ালঘরে গরু তুলতে যান। এ সময় গোয়ালে বৈদ্যুতিক সুইচ দিতে গেলে একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে একই উপজেলার পানাগাড়ি গ্রামের কৃষক হযরত আলী (৪৫) সোমবার বিকেলে সাপের কামড়ে মারা যান। এ নিয়ে উপজেলায় গৃহবধূসহ ২ জনের মৃত্যু হলো।
এ বিষয়ে কাজিপুর থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণী চরাঞ্চলে উঠে পড়েছে। এ কারণে অনেক স্থানে সাপের উপদ্রব বেড়েছে।
মঙ্গলবার সকালে কাজিপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় সাপের উপদ্রব নিয়ে আলোচনা হয়েছে। বিষাক্ত সাপের ছোবল থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
