রায়গঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৯:২৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া উত্তরপাড়া মহল্লার আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া সেন্টার পয়েন্ট জনতা ব্যাংক সংলগ্ন মিলন পাঠাগারের সামনে থেকে এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোকাদ্দেস হোসাইন শোহান, আব্দুর রউফ, শোভন ও তমাল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি টিটুসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সেই সঙ্গে রায়গঞ্জ উপজেলাকে মাদকমুক্ত গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

এ সময় ছাত্র, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৪ জুলাই রাতে আব্দুর রহমান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই তিনি মারা যান।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান আলোকিত বাংলাদেশকে বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশের বিশেষ টিম মাঠে রয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে তিনি উল্লেখ করেন।