মাগুরায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৮:৩১ | অনলাইন সংস্করণ

  মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের লিফটন ইলেকট্রনিক্স অ্যান্ড স্যানিটারি দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দোকানের মালিক মো. নাহিদ জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়ি চলে যান। পরে রাত ১২টা ১০ মিনিটে মুঠোফোনে দোকানে আগুন লাগার খবর পান। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার ৫-৬ মিনিটের মধ্যে স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত লিডার) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাগুরা থেকে আরও দুটি ইউনিট আনা হয়।

ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার ঝুঁকিপূর্ণ ও নিরলস প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পুরো অভিযান পরিচালনা করেন উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

শ্রীপুর ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

দোকান মালিকের দাবি, আগুনে দোকানের সব মালামাল পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।