সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ২১:৫২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে মাদ্রাসাছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী তহুরা বেগম (৬৪) এবং কাজিপুর উপজেলার চরাঞ্চলের বিষুরিগাছা গ্রামের রমজান আলীর ছেলে ও স্থানীয় মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র আতিকুর রহমান (১৪)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন তহুরা বেগম। বুধবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বহু খোঁজাখুঁজির পর দুপুরে বাড়ির পেছনের পরিত্যক্ত ডোবায় তার ওড়না ও জুতা ভাসতে দেখা যায়।
পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে ওই ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাসমত আলী আলোকিত বাংলাদেশকে বলেন, তহুরা বেগমের ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এদিকে কাজিপুর উপজেলার বিষুরিগাছা গ্রামের মাদ্রাসাছাত্র আতিকুর রহমানের বাবা-মা দীর্ঘদিন ধরে গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন। এজন্য একই গ্রামের নানার বাড়িতে থেকে লেখাপড়া করত ওই ছাত্র। মঙ্গলবার সন্ধ্যার পর তার নানার ঘরের তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। ওইদিন রাতে তার নানা সোলেমানসহ পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
বুধবার সকালে ওই ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে কাজিপুর থানার ওসি এস.এম. মোস্তাফিজুর রহমান বলেন, এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
