সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সচেতনতামূলক সভা

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন অংশীজন।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের ক্রমবর্ধমান বিস্তার এবং এর বহুমাত্রিক নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা উল্লেখ করেন, অপপ্রচার রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি, সামাজিক বিভাজন তৈরি, ধর্মীয় উস্কানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা এবং আর্থিক প্রতারণাসহ বিভিন্ন অসৎ উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

সভায় অংশগ্রহণকারীদের বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার কার্যকর উপায়, তথ্য যাচাইয়ের গুরুত্ব, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা এবং দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।

পাশাপাশি ব্যক্তি ও নাগরিক পর্যায়ে করণীয়, সরকারি ও দায়িত্বশীল প্রতিষ্ঠানসমূহের ভূমিকা, শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতামূলক কার্যক্রম এবং সুশীল সমাজের অংশগ্রহণের মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।