রাজবাড়ীতে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৭:৫৭ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে শহরের আজাদী ময়দানে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

উদ্বোধনের আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান।

সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং জেলা বিএনপির নেতা গাজী আহসান হাবীব।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মেলার উদ্বোধন করেন এবং প্রতীকী বৃক্ষরোপণ করেন।

এরপর তিনি মেলায় স্থাপিত বিভিন্ন নার্সারি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করে প্রদর্শিত বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ সম্পর্কে খোঁজখবর নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যা করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, সাত দিনব্যাপী এ মেলায় বিভিন্ন নার্সারি ও প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার মাধ্যমে জনসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করাই এ আয়োজনের মূল লক্ষ্য।