রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৮:২৪ | অনলাইন সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ জুলাই (বৃহস্পতিবার) জিমনেসিয়াম মাঠে আলোচনা সভার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন ও বন বিভাগ।
জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাবেক পার্বত্যবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মনি স্বপন দেওয়ান, সদর জোন কমান্ডার একরামুল রাহাত, বন সংরক্ষক মো. আব্দুল আওয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ।
উদ্বোধনী বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথি বলেন, বৃক্ষ শুধু রোপণ করলেই হবে না, তা সংরক্ষণের ব্যবস্থাও করতে হবে। এজন্য বন বিভাগকে আরও সমন্বয় বাড়াতে হবে।
সামাজিকভাবে সকলকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা গেলে সরকারের ২৫ কোটি চারা রোপণ কর্মসূচি সফল হবে।
