রংপুরে ২ চোরাই মোটরসাইকেল উদ্ধার, বাবা-ছেলে গ্রেফতার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৯:২৬ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পীরগঞ্জ থানার মকিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৪০) এবং তার ছেলে রাকিব মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাজহাট থানা পুলিশ মিঠাপুকুর থানার বৈরাগীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এর মধ্যে একটি নিবন্ধনকৃত ইয়ামাহা এবং একটি নিবন্ধনবিহীন পালসার মোটরসাইকেল রয়েছে।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
