সিরাজগঞ্জ জেলা কারাগারে ‘কার্যক্রম নিষিদ্ধ’ দলনেতার মৃত্যু

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:১৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ নেতা বাবলু মণ্ডলের (৫২) মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে এবং রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে সদর থানায় দায়ের হওয়া মারামারি ও বিস্ফোরক মামলায় গত ২১ জুন তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বিজ্ঞ আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।

তিনি কারাগারে আসার পর থেকেই শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। বুধবার রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গত ১৫ জুলাই জেলা কারাগারে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন যুবলীগের নেতা আমিনুল ইসলাম (৪৭) অসুস্থ হয়ে মারা যান।