নারায়ণগঞ্জে কিল-ঘুষিতে অটোরিকশা চালকের মৃত্যু, চালক গ্রেপ্তার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:১৯ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের সঙ্গে সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রাইভেটকার চালকের চড়-থাপ্পড় ও কিল-ঘুষিতে মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড-চাষাড়া রোডের রাইয়ান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার পরপরই অভিযুক্ত প্রাইভেটকার চালক মো. নাদিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রাইয়ান সিএনজি পাম্পের সামনে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সামান্য ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রাইভেটকার চালক নাদিম ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক রফিককে বেধড়ক চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকেন। এতে রফিকের নাক-মুখ দিয়ে রক্ত বের হয় এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলাম পটুয়াখালী সদরের গেরাখালী গ্রামের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় বসবাস করতেন। অপরদিকে গ্রেপ্তারকৃত নাদিম সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং দায়েরকৃত মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
