এমপি পদ বাতিলের দাবিতে শ্যামনগরে সর্বস্তরের মানুষের প্রতিবাদ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:২৯ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

রুনীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওকাণ্ডে গাজী নজরুল ইসলামের শাস্তি ও এমপি পদ থেকে পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে সাতক্ষীরা-৪ আসনের সর্বস্তরের মানুষ। এতে উত্তাল হয়ে পড়ে পুরো সংসদীয় আসন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলন, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে তার পদত্যাগের দাবিতে শ্যামনগরে মানববন্ধন, ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় পৃথক দুটি কর্মসূচি থেকে এমপি গাজী নজরুল ইসলামের তাৎক্ষণিক পদত্যাগ এবং সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়।

সকালে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। তারা দাবি করেন, দলীয় বহিষ্কারের পাশাপাশি সংসদ সদস্য পদ থেকেও তাকে অবিলম্বে অপসারণ করা উচিত।

মানববন্ধনে বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম। তিনি বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের অনৈতিক আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তার কর্মকাণ্ডে শ্যামনগরসহ দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকারের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ ও হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যদিকে, প্রায় একই সময়ে শ্যামনগরের কাশীমাড়ী এলাকায় কাশীমাড়ীর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী ব্যানার, পোস্টার ও ঝাড়ু হাতে নারী-পুরুষের অংশগ্রহণে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমপির বিরুদ্ধে ওঠা অভিযোগে পুরো এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করে তারা আইন ও বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছলেমান কবির, শফিকুল ইসলাম দুলু, আজিজুল হক সরদার, বি. এম. আব্দুস সালাম ও ঢালী আব্দুর রশিদ। প্রতিবাদী নানা স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

এদিকে, আজ সকালে আরও একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একজন নারীকে নিয়ে গাজী নজরুল একটি ভবনে প্রবেশ করেছেন। পরবর্তীতে ওই নারীর সঙ্গে তাকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে ভিডিওতে দাবি করা হয়েছে।