পাবনায় অভিযানে ১৫ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:৪৪ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি

পাবনায় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পাবনার বেড়া উপজেলার পৌর এলাকার নাজিম বাজারের মোল্লা সুপার মার্কেটের একটি গোডাউন থেকে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৩০০টি চায়না দুয়ারী জব্দ করা হয়।
এ সময় বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন এবং বেড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া পৌর এলাকার নাজিম বাজারের মোল্লা সুপার মার্কেটের একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। তবে গোডাউনের মালিকপক্ষের অসহযোগিতার কারণে অভিযান পরিচালনা করতে প্রায় চার ঘণ্টা সময় লাগে।
উদ্ধারকৃত মালামালের মালিকপক্ষকে পাওয়া যায়নি। ফলে উদ্ধার করা অবৈধ জাল ও চায়না দুয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।
মার্কেটের ম্যানেজার মকরম হোসেন জানান, তাদের ভাড়া দেওয়া গোডাউনে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী মজুত রাখা হয়েছিল—এ খবর তিনি জানতেন না। যেসব ব্যবসায়ী গোডাউন ভাড়া নিয়েছেন, তাদের অধিকাংশ বেড়া বাজারে মনোহারি, ফিল্টার নেট, সুতা কিংবা মুদি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
