জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে সুপার গ্রেফতার
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:৪৭ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সুপারের নাম সাইদুর রহমান। তিনি ভূরুঙ্গামারীর কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সাইদুর রহমান জাল সনদের মাধ্যমে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করেন।
আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ওয়ারেন্টের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে গ্রেফতার করে। এর আগেও তিনি একটি নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
