বীরগঞ্জে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা ও ঘর নির্মাণের আশ্বাস

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র হাবলুহাট পাড়ায় মৃত যতিন্দ্র মাস্টারের বাড়িতে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মৃত যতিন্দ্র মাস্টার হাবলুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের পরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে যান।

স্বামীর মৃত্যুর পর থেকে তাঁর স্ত্রী অত্যন্ত কষ্ট করে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু এই অগ্নিকাণ্ডে পরিবারের বসতঘর, প্রয়োজনীয় আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি চরম বিপর্যয়ের মধ্যে পড়ে এবং মাথা গোঁজার ঠাঁইও হারায়।

পরিবারের স্বজনরা জানান, কয়েকদিন আগে একটি এনজিও থেকে ঋণের টাকা উত্তোলন করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে সেই নগদ টাকাও আগুনে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় এমপি মনজুরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত একটি নতুন বসতঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু এবং ইউপি সদস্য গোবিন্দ মোহন রায়।