কালকিনিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তালগাছ রোপণ করলেন এমপি খোকন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালগাছের চারা রোপণ করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর নদীর পাড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় এমপি আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, সরকার গঠনের সঙ্গে সঙ্গেই তারেক রহমান তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ যদি তারেক রহমানকে সুস্থ রাখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের ভাগ্য খুলে যাবে।

অন্যান্য বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা উচিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেয়ামুল আকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।