ভাঙ্গুড়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৮:০০ | অনলাইন সংস্করণ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ সোয়াত ইমন প্রামানিক (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার নৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার ভদ্রপাড়া মহল্লার আব্দুর রউফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার নৌবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সোয়াত ইমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

পাশাপাশি এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।