ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের হাজতির মৃত্যু
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা কারাগারের হাজতি আসামি কাওসার হোসেনের (২২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সে তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, হাজতি আসামি কাওসার একটি হত্যা মামলার আসামি হিসেবে ২০২৪ সালের ১২ এপ্রিল কারাগারে আসে।
অসুস্থতার কারণে ২০২৬ সালের ১৫ জুলাই তাকে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই তাকে ঢাকার প্রিজন হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে ওই যুবক মারা যায়।
ময়নাতদন্ত শেষে সেখান থেকে বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
