ফেরি থেকে লাফ দেওয়া গৃহবধূ প্রায় পৌনে ৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে চলাচলরত ‘কুমিল্লা’ নামের একটি কে-টাইপ (মাঝারি) ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেওয়া এক গৃহবধূকে প্রায় পৌনে চার ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ফরিদপুরের কোতয়ালী উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ওই নারীর নাম মোসা. লাইজু (৩৯)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদ ঝাউচর এলাকার ফোরকান মিয়ার স্ত্রী। রোববার (২৬ জুলাই) সকালে আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে ‘কুমিল্লা’ নামের কে-টাইপ ফেরিটি। ফেরিটি পদ্মা নদীর মাঝামাঝি পৌঁছালে ডেকে অবস্থানরত বোরকা পরিহিত ওই নারী হঠাৎ নদীতে লাফ দেন।

বিষয়টি দেখতে পেয়ে ফেরির মাস্টার তাৎক্ষণিকভাবে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের এবং উভয় ঘাটের নৌপুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি অভিযান শুরু করেন। তবে গভীর রাত পর্যন্ত তাদের অভিযানে ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা জানান, খবর পাওয়ার পর ‘কুমিল্লা’ ফেরির মাস্টার ও এক ঝালমুড়ি বিক্রেতার সহায়তায় ওই নারীর ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।

পরে রাত সাড়ে ১১টার দিকে খবর পাওয়া যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় ৩০ কিলোমিটার ভাটিতে ফরিদপুরের কবিরপুর চর এলাকায় স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করেছেন।

নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন জানান, চারজন জেলে নদীতে মাছ ধরার সময় কচুরিপানা আঁকড়ে ধরে ভাসতে থাকা ওই নারীকে দেখতে পান। পরে তারা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং বিষয়টি কোতয়ালী নৌপুলিশকে অবহিত করেন।

কোতয়ালী নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন নন্দী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।