ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ২০:৩৩ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাদশুকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কারাগারে পাঠানো দুই ব্যক্তি হলেন বালিয়াডাঙ্গী উপজেলার মহেষমারী গ্রামের মো. হুমায়ুন কবির (৩৫) ও কাদশুকা গ্রামের মো. আনোয়ার ইউসুফ (৪৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে হুমায়ুন কবিরের পরিহিত প্যান্টের পকেট থেকে দুটি নীল পলিথিনে থাকা ৫০০ পিস এবং আনোয়ার ইউসুফের পকেটে থাকা ৯০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

থানার রেকর্ডপত্র যাচাই করে জানা গেছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে পূর্বে মাদক ও মারামারির তিনটি এবং আনোয়ার ইউসুফের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তারা দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তারা। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অভিযানের বিষয়ে ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল জানান, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়ার লক্ষ্যে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’